শোকের দিনে খুশির সংবাদ: বেগম খালেদা জিয়ার নামে কন্যাসন্তানের নাম রাখালেন সাবেক ছাত্রদল নেতা


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন /
শোকের দিনে খুশির সংবাদ: বেগম খালেদা জিয়ার নামে কন্যাসন্তানের নাম রাখালেন সাবেক ছাত্রদল নেতা

নিউজ ডেস্ক

বাংলাদেশ রাজনীতির এক শোকাবহ দিনে সাবেক ছাত্রনেতা মাহবুব মিয়া এর ঘর আলো করে এসেছে আনন্দের খবর। তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের দিনে তার প্রথম কন্যাসন্তান জন্মগ্রহণ করায় সদ্যজাত কন্যার নাম রাখা হয়েছে ‘খালেদা’

মাহবুব মিয়া বর্তমানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বসবাস করছেন, যদিও তার স্থায়ী ঠিকানা হলো কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন; এর মধ্যে তিনি কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবেও তিনি সক্রিয় ছিলেন।

গত ৩০ ডিসেম্বর, যখন সারাদেশ বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকাহত, ঠিক সেই দিন মাহবুব মিয়ার পরিবারে কন্যা সন্তানের আগমন ঘটে। এ তাৎপর্যপূর্ণ দিনে জন্ম নেওয়ায় তিনি মরহুমা নেত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে তার কন্যার নাম রেখেছেন ‘খালেদা’

এই বিষয়ে মাহবুব মিয়া বলেন,

“বাংলাদেশের জন্য এটি একটি শোকের দিন। ঠিক সেই দিনেই আমার ঘরে মেয়ের জন্ম হয়েছে। আমি চাই, সে যেন মরহুমা খালেদা জিয়ার মতো আপসহীন, সাহসী ও উদার মনমানসিকতার মানুষ হিসেবে গড়ে ওঠে।”

এই ঘটনা দ্রুতই রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকে এটিকে শোকের মাঝেই আশার বার্তা হিসেবে দেখছেন।