নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করার দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। এ দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তিনি।
চিঠিতে এমপি উল্লেখ করেন, ভূরুঙ্গামারী উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সদর ইউনিয়নটি দীর্ঘদিন ধরে নানা নাগরিক সেবা ও অবকাঠামোগত চাহিদার চাপ বহন করছে। ইউনিয়নটিতে জনসংখ্যা, আয়তন ও ভোটার সংখ্যা বিবেচনায় নগর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে।
চিঠিতে আরও বলা হয়, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ভূরুঙ্গামারী সদর ইউনিয়নকে ঘিরে গড়ে উঠেছে। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের কারণে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে।
এমপি আনোয়ারুল ইসলাম বলেন, আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে সড়কবাতি, সড়কবাঁধ, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনা, রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন। ইউনিয়ন পরিষদের কাঠামোর মাধ্যমে এসব সেবা পরিকল্পিতভাবে নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
এ অবস্থায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের জনসংখ্যা, আয়তন, ভোটার সংখ্যা, প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্ব এবং ক্রমবর্ধমান নাগরিক চাহিদা বিবেচনায় প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করে ইউনিয়নটিকে পৌরসভায় উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক ও আইনগত কার্যক্রম গ্রহণের জন্য প্রতিমন্ত্রীর সদয় বিবেচনা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।
দীর্ঘদিনের দাবি এবার বাস্তবে রূপ নেবে কি না—সেদিকেই তাকিয়ে ভূরুঙ্গামারীবাসী।






