ভূরুঙ্গামারী হাসপাতালে পেন্টাভেলেন্ট টিকার সংকট, এদিকে স্বাস্থ্য কর্মীরা আন্দোলনে, ঝুঁকিতে শিশুদের জীবন


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:২৬ অপরাহ্ন /
ভূরুঙ্গামারী হাসপাতালে পেন্টাভেলেন্ট টিকার সংকট, এদিকে স্বাস্থ্য কর্মীরা আন্দোলনে, ঝুঁকিতে শিশুদের জীবন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেন্টাভেলেন্ট টিকার সরবরাহ বন্ধ থাকায় জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে উপজেলার অসংখ্য শিশু সময়মতো গুরুত্বপূর্ণ টিকা থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পেন্টাভেলেন্ট টিকা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিকা। এই একটি টিকার মাধ্যমেই শিশুরা একসঙ্গে পাঁচটি প্রাণঘাতী রোগের বিরুদ্ধে সুরক্ষা পেয়ে থাকে। রোগগুলো হলো ডিপথেরিয়া, পারটুসিস (হুপিং কাশি), টিটেনাস, হেপাটাইটিস বি এবং হিব (Haemophilus influenzae type b) যা নিউমোনিয়া ও মেনিনজাইটিসের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে।

বাংলাদেশে ব্যবহৃত পেন্টাভেলেন্ট টিকা দেশে উৎপাদিত নয়। জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় এই টিকা সাধারণত ইউনিসেফ (UNICEF)–এর মাধ্যমে সংগ্রহ করা হয়। এই টিকাগুলো মূলত ভারত (Serum Institute of India), দক্ষিণ কোরিয়া (SK Bioscience), এবং কখনো কখনো ইন্দোনেশিয়া ও ইউরোপের অনুমোদিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে আমদানি করা হয়ে থাকে।

বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর গাভি (GAVI – The Vaccine Alliance)–এর সহায়তায় এসব টিকা সংগ্রহ করে দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে সরবরাহ করে থাকে।

পেন্টাভেলেন্ট টিকা শিশুর ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ ও ১৪ সপ্তাহ বয়সে তিনটি ডোজে দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু টিকার সংকটের কারণে অনেক শিশু নির্ধারিত সময় পার করেও টিকা পাচ্ছে না, যা ভবিষ্যতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। ভূরুঙ্গামারীর একাধিক অভিভাবক জানান, টিকা নিতে এসে বারবার ফিরে যেতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, সারাদেশে টিকা আমদানি বন্ধ ছিলো তাই টিকা দেয়া হয়নি। তবে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসে কয়েকদিন আগে এ টিকা এসেছে, ভূরুঙ্গামারী হাসপাতালে এখানো নিয়ে আসা হয়নি। কারণ হিসেবে তিনি জানান, স্বাস্থ্য সহকারীগণ আন্দোলনে থাকায় টিকা দান কর্মসূচি ব্যহত হচ্ছে।

সচেতন মহল মনে করছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে অবিলম্বে পেন্টাভেলেন্ট টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।