বিএনপি ও আওয়ামীর দোসর মিলে বসতভিটা দখলের অভিযোগে মানববন্ধন


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৫, ৩:৩২ পূর্বাহ্ন /
বিএনপি ও আওয়ামীর দোসর মিলে বসতভিটা দখলের অভিযোগে মানববন্ধন

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বসতভিটা দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড গোলচত্বরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপি নেতা শাহ জালাল দর্জি ও যুবদল নেতা লাভলু রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থক আমিনুর রহমান ও নুর ইসলামসহ কয়েকজন মিলে অসহায় লুৎফর রহমানের বসতভিটা ও ঘরবাড়ি অবৈধভাবে দখল করেছেন।

অভিযোগকারীরা জানান, গত ৪ আগস্ট রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভুক্তভোগীর পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। পরে লুৎফর রহমান জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ভূরুঙ্গামারীকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস উভয় পক্ষকে কার্যালয়ে ডেকে কাগজপত্র যাচাই-বাছাই করে লুৎফর রহমানের পরিবারের পক্ষে সিদ্ধান্ত দেন। এমনকি গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি টিম গঠন করে সরেজমিনেও পরিদর্শন করা হয়।

তবে বক্তাদের দাবি, উক্ত সিদ্ধান্ত কার্যকর না করে অভিযুক্তরা প্রভাব খাটিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও মামলা করার হুমকি দেন। সর্বশেষ আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি নেতা শাহ জালাল দর্জি, তাঁর ভাতিজা চর ভূরুঙ্গামারী ইউনিয়ন যুবদল সভাপতি লাভলু রহমান ও আওয়ামী লীগের কয়েকজন সহযোগী মিলে লুৎফর রহমানের পরিবারকে বাড়ি থেকে বের করে দেন এবং বর্তমানে ওই জমি তাঁদের দখলে রয়েছে।

বক্তারা আরও বলেন, প্রশাসনের নীরব ভূমিকায় এ ধরনের ঘটনা ঘটছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত শাহ জালাল দর্জি, লাভলু রহমান, আমিনুর রহমান ও নুর ইসলামের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।