নাগেশ্বরীর বেরুবাড়ী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ


hamarkur6 প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ৭:০০ অপরাহ্ন /
নাগেশ্বরীর বেরুবাড়ী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মিজানুর রহমান

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৪ নম্বর বেরুবাড়ী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকার নির্ধারিত পরিমাণ চাল না পেয়ে বঞ্চিত হচ্ছেন অনেক সুবিধাভোগী।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল ৫ হাজার ৩ শত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়ার কথা রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, অনেক সুবিধাভোগীকে ১০ কেজির পরিবর্তে ৯ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ৩০ কেজি ওজনের চালের বস্তার সেলাই খুলে ৪ থেকে ৫ কেজি চাল সরিয়ে নেওয়া হচ্ছে। পরে ওই বস্তার চাল তিনজন সুবিধাভোগীর মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। ফলে প্রতিজন সুবিধাভোগী নির্ধারিত পরিমাণ চাল থেকে বঞ্চিত হচ্ছেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে চাল বিতরণের স্লিপে সুবিধাভোগীর নাম না থাকায় প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম নিজের পছন্দমতো লোকজনকে চাল দিচ্ছেন

স্থানীয়রা জানান, ভিজিএফ কর্মসূচির সম্পূর্ণ মাস্টার রোল তালিকা যাচাই করলে অনিয়ম ও দুর্নীতির প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। এ বিষয়ে প্রশাসনের কাছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।