নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. আব্দুল আজিজ এবং কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এদিকে দুই নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। গ্রেপ্তারের ঘটনায় আওয়ামী লীগের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পোস্ট ও মন্তব্য করেছেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার ও রাষ্ট্রবিরোধী নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।






