মোঃ মাইদুল ইসলাম । হামার কুড়িগ্রাম
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘আন্তঃউপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রশিবির আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং ৫ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফেরদৌস হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি এবং ৯ নম্বর বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু হেনা মাসুম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি ও ছাত্র তত্ত্বাবধায়ক মো. রোকনুজ্জামান রোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোহাম্মদ আল মামুন।
বক্তারা বলেন, তরুণদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নৈতিক মূল্যবোধ এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের আহ্বান জানান।
এছাড়া সুস্থ প্রতিযোগিতা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলার চর্চার মাধ্যমে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইতিবাচক মানসিকতা গঠনে সহায়ক হবে বলেও বক্তারা উল্লেখ করেন।
আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন উপশাখার অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত হবে বলে তারা প্রত্যাশা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের সফল আয়োজন, অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিরাপত্তা এবং সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে খেলা সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।






