কুড়িগ্রামে রাতে নিখোঁজ গৃহবধূ, সকালে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার


Hamar Kurigram প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ২:১০ অপরাহ্ন /
কুড়িগ্রামে রাতে নিখোঁজ গৃহবধূ, সকালে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে নিখোঁজ হওয়া সাজেদা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে তেঁতুল গাছের মগডালে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ মে) সকালে উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাজেদা বেগম ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান। এ সময় তাকে গাছের ওপর বসে ও শুয়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে পুকুরপাড়ের তেঁতুল গাছের মগডালে অবস্থান করতে দেখা যায়। তবে পরিবারের আপত্তির কারণে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে।

তিনি আরও জানান, একপর্যায়ে ওই নারী গাছ থেকে পাশের পুকুরে লাফ দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করেন।