নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে এক কৃষক ও দুটি গরুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে।নিহত কৃষকের নাম আনোয়ার হোসেন (৪৪)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের মরহুম হোসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে ফাঁকা মাঠে বাঁধা গরু আনতে যান আনোয়ার হোসেন। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে তার কোমর থেকে বুক পর্যন্ত অংশ ঝলসে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক জানান, বজ্রপাতের সময় তারা কয়েকজন ঘটনাস্থল থেকে প্রায় দুই শ’ গজ দূরে অবস্থান করছিলেন।
বজ্রপাতের বিকট শব্দে আশপাশের সবাই আতঙ্কিত হয়ে পড়েন।এদিকে একই সময়ে নাগেশ্বরী উপজেলায় বজ্রপাতে পৃথক স্থানে দুটি গরুর মৃত্যু হয়েছে। উপজেলার কেদার ইউনিয়নের পশ্চিম বিষ্ণুপুর গ্রামের আনছার আলীর একটি এবং কালীগঞ্জ ইউনিয়নের কমেদপুর বেগুনীপাড়া গ্রামের সন্তোষ কাপালীর একটি গরু বজ্রপাতে মারা যায় বলে জানা গেছে।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস কৃষক আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।






