বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ছুরিকাঘাতে ৮০ বছরের বৃদ্ধ নিহত, আটক ১

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ময়নাতদন্তে বাধা, মর্গের তালা ভাঙার চেষ্টা—পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি

আশির্বাদ রহমান, বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রাম পৌরসভার হরিকেশ মোড়ে ছুরিকাঘাতে মো. রোস্তম আলী খোকা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জলিল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তে নেওয়াকে কেন্দ্র করে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে স্বজন ও এলাকাবাসীর সঙ্গে পুলিশের হট্টগোলের ঘটনা ঘটেছে।


শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হরিকেশ মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী তোতা হরিকেশ কানিপাড়া এলাকার মৃত মো. আলী মুন্সির ছেলে। আটক জলিল পার্শ্ববর্তী চর হরিকেশ এলাকার হাসান আলীর ছেলে।

বিজ্ঞাপন


স্থানীয়দের ভাষ্য, জলিল মাদক সেবন করেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। তাকে মাদক সেবন থেকে বিরত থাকা এবং চুল বড় না রাখার জন্য রোস্তম আলী খোকা দীর্ঘদিন ধরে উপদেশ দিয়ে আসছিলেন।


স্থানীয়দের দাবি, ঘটনার সময় রোস্তম আলী হরিকেশ মোড়ে চা পান করছিলেন। এ সময় জলিল রিকশা থেকে ছুরি এনে তার পেটে আঘাত করেন। পরে জলিল ছুরি নিয়ে প্রকাশ্যে হেঁটে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে বেঁধে রাখেন। একপর্যায়ে তাকে মারধরও করা হয়। পরে খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জলিলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গুরুতর আহত রোস্তম আলীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


স্থানীয় বাসিন্দা আজহার আলী বলেন, দিবালোকে একজন নামাজি মানুষকে ছুরি দিয়ে হত্যা করা হলো। জলিল সবসময় নেশাগ্রস্ত থাকে বলে আমরা জানি। এলাকায় মাদকের কেনাবেচা বন্ধ করতে বলা কি অপরাধ?


এদিকে নিহতের লাশ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে নেওয়ার পর সেখানে স্বজন ও এলাকাবাসীর ভিড় জমে। তারা লাশের ময়নাতদন্ত না করার দাবি জানান। একপর্যায়ে লাশ নিয়ে যাওয়ার চেষ্টা এবং মর্গের তালা ভাঙার চেষ্টা করা হলে সেখানে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।


খবর পেয়ে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেনসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।


পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ স্বজনদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আইনগত প্রক্রিয়া অনুযায়ী নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়।


অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা জলিলকে আটক করার পর পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।


এদিকে রোস্তম আলী তোতার মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং একই সঙ্গে এলাকায় মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]