উলিপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৮:৫২ অপরাহ্ন /
উলিপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

শাহজাহান খন্দকার ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

সকালের কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের উলিপুর মডেল মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থিত ৭১-এর গণকবর স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মত্যাগ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে দেশের শ্রেষ্ঠ শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, প্রকৌশলীসহ অসংখ্য মেধাবী বুদ্ধিজীবীর নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরা হয়। বক্তারা বলেন, স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করার সুপরিকল্পিত নীলনকশার অংশ হিসেবেই এই হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল।

উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উলিপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।