
শাহজাহান খন্দকার, উলিপুর
উলিপুরে ইউক্লিপটাস গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে মোঃ বাবু মিয়া (৩৫) নামে এক যুবকের। সোমবার (১৮ মে) বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে শিববাড়ি বাজারের পূর্ব পাশে রেললাইন সংলগ্ন একটি ইউক্লিপটাস গাছে ওঠেন বাবু মিয়া। ডাল কাটার একপর্যায়ে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
মৃত বাবু মিয়ার পরিবারে এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে উলিপুর থানার ওসি মোঃ সাঈদ ইবনে সিদ্দীক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :