নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
তারেক জিয়া পরিষদের রংপুর বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জহিরুল হক জীবন। গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্যবিশিষ্ট রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির অনুমোদনের কথা জানানো হয়।
তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ ও সদস্য সচিব ইব্রাহিম রাজুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জহিরুল হক জীবন দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী সাইবার দলের ৩ নম্বর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি তারেক জিয়া পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতির দায়িত্বেও ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে যুবদল ও কৃষক দলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামেও সক্রিয় অংশগ্রহণ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জহিরুল হক জীবন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। বিভাগীয় কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ায় তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। নতুন দায়িত্বে তিনি রংপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা তাঁদের।
