হামার কুড়িগ্রাম

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

উলিপুরের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহায়কের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ উঠেছে।

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে প্রায় দুই বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ কাজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম সহযোগিতা করছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিদ্যালয়ে সরেজমিন তদন্ত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের প্রথম দিকে বিদ্যালয়টিতে অফিস সহায়ক পদে যোগ দেন নজরুল ইসলাম। একই বছরের নভেম্বরে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম তাঁর আপন মামা।

অভিযোগকারীদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নজরুল ইসলাম বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। তবে প্রধান শিক্ষক তাঁর হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনে সহযোগিতা করছেন। এ বিষয়ে বিদ্যালয়ের জমিদাতা ও শিক্ষার্থী-অভিভাবক শাহ আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

তদন্তকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে গিয়ে নজরুল ইসলামকে অনুপস্থিত পান। শিক্ষার্থীরাও জানায়, হাসিনা সরকারের পতনের পর থেকে তাঁকে বিদ্যালয়ে আসতে দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তাঁর আত্মীয়স্বজনের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ মোট ছয়জন কর্মরত রয়েছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, “নজরুল ইসলাম বিদ্যালয়ে মাঝে মাঝে আসতেন। এখন কিছুদিন ধরে আসেন না।”

অভিযোগকারী শাহ আলম বলেন, “নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর এবং বেতন-ভাতা উত্তোলন করছেন। বিদ্যালয়ে না এসে অবৈধভাবে বেতন-ভাতা উত্তোলনের বিষয়ে সুবিচার পাওয়ার আশায় মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছি।”

অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তদন্তকালে প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম জানান, অফিস সহায়ক নজরুল ইসলাম নিয়মিত বিদ্যালয়ে আসতেন। তবে চলতি নভেম্বর মাসে তিনি অনুপস্থিত রয়েছেন। তাঁর অনুপস্থিতির কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, নজরুল ছুটিতে আছেন। ছুটির আবেদনের কপি দেখতে চাইলে তিনি জানান, সেটি বাড়িতে রয়েছে। বিদ্যালয়ে তাঁর ছয়জন আত্মীয়স্বজন কর্মরত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন বলেন, “তদন্তকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পেয়েছি। হাজিরা খাতা ও ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করা উচিত হবে না।”

তিনি আরও জানান, তদন্তের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।

Exit mobile version