হামার কুড়িগ্রাম

উলিপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

উলিপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নেতা রফিকুল ইসলাম আনছারী।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী মিয়া, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবিব নয়ন, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্যসচিব সোলায়মান আলী সরকার এবং উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মাহবুবার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ এবং জুলাই যোদ্ধা নাঈম হাসান।

বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও সিপাহী-জনতার সংহতির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Exit mobile version