পুনরায় চালুর খবর জানেন না বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে সরকারি জায়গায় স্থাপন করা জেনারেটর ফের চালুর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, উপজেলা প্রশাসনের অভিযানে স্থাপনা ভেঙে জেনারেটরের কার্যক্রম বন্ধ করার কয়েক দিনের মধ্যে সেটি আবার চালু করা হয়েছে। এতে আশপাশের বাসিন্দা ও পথচারীরা শব্দ ও ধোঁয়ার ভোগান্তিতে পড়ছেন।
হামার কুড়িগ্রাম সরকারি জায়গায় জেনারেটর, অবৈধ কক্ষ নির্মাণ বন্ধ করল প্রশাসন – হামার কুড়িগ্রাম
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উলিপুরের প্রাণকেন্দ্রে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ ও জেনারেটর চালানোর অভিযোগে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। এ সময় স্থাপনাটি ভেঙে জেনারেটর বন্ধ করা হয়। ভবিষ্যতে আবার চালু করলে মেশিন জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছিল বলে তাঁদের দাবি।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, জেনারেটরের বিকট শব্দ ও ধোঁয়ায় আশপাশে ভোগান্তি হচ্ছে। প্রশাসনের অভিযানের পরও এটি চালু হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জেনারেটর চালু করার বিষয়টি আমি কিছু জানি না।”
