রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আশামনি (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আশামনি ওই এলাকার আলম মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন।
পরিবারের বরাতে জানা গেছে, ঘটনার দিন মোবাইল ফোন ব্যবহার ও কথা বলা নিয়ে বাবার সঙ্গে আশামনির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর বাবা ফোনটি ভেঙে ফেলেন। পরে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে শয়নকক্ষে আশামনিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর মা।
এ সময় তাঁর মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাঁরা আশামনিকে উদ্ধার করেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
