রাজারহাট প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। এ সাফল্যের মাধ্যমে তাঁরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা—এই তিন বিভাগে প্রথম হয়েছেন মাদরাসাটির শিক্ষার্থীরা। তাঁরা হলেন কামিল প্রথম বর্ষের মো. আলামিন আশিক (কবিতা আবৃত্তি), কামিল দ্বিতীয় বর্ষের মো. আনিচুর রহমান সাইফী (উপস্থিত বক্তৃতা) এবং ফাজিল প্রথম বর্ষের মো. ফারহাজুল ইসলাম (রচনা)।
জানা গেছে, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশের ৬৪ জেলার অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় নজরুলসংগীত ও গজল, নজরুলের রচিত হামদ-নাত, কবিতা আবৃত্তি, রচনা ও উপস্থিত বক্তৃতা—মোট পাঁচটি বিভাগ রাখা হয়। উপজেলা পর্যায়ের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা জেলা পর্যায়ে অংশ নেন। জেলা পর্যায় থেকে নির্বাচিতরা বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীরা জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পান।
কবিতা আবৃত্তিতে প্রথম হওয়া আলামিন আশিক বলেন, আল্লাহর রহমত এবং মা-বাবা ও শিক্ষকদের দোয়া ও ভালোবাসায় এ অর্জন সম্ভব হয়েছে। উপস্থিত বক্তৃতায় প্রথম হওয়া আনিচুর রহমান সাইফীও তাঁর সাফল্যের পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করেন।
রচনায় প্রথম হওয়া ফারহাজুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই তিনি রচনা প্রতিযোগিতায় অংশ নেন। এ ক্ষেত্রে শিক্ষকদের সহযোগিতা তাঁকে অনুপ্রাণিত করেছে।
রাজারহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল হাই বলেন, তিন শিক্ষার্থীর এ অর্জন প্রতিষ্ঠানের জন্য গর্বের। জাতীয় পর্যায়েও তারা ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
