রাজারহাট প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে অসহায় এক নির্মাণ শ্রমিকের পাশে দাঁড়িয়েছে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সদস্য আব্দুল জব্বার আলীকে আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর ও আলোচনা সভায় তাঁর হাতে এ চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শাহজালাল বসুনিয়া, রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জাহিদুল ইসলাম সোহেল ও মো. হাবিবুর রহমান হাবিবসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেকুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া।
বক্তারা বলেন, শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা, সংগঠনের ঐক্য এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। সংগঠনের কোনো সদস্য বিপদে বা সংকটে পড়লে তাঁর পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব।
তাঁরা শ্রমিকদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।






