আব্দুল হাকিম সবুজ, রাজারহাট প্রতিনিধি
প্রথমবারের মতো সারাদেশের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ মহাসমাবেশে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে অংশ নিচ্ছেন ৫৮ জন গ্রাম পুলিশ সদস্য।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলায় মোট ৬১ জন গ্রাম পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে ৫৮ জন মহাসমাবেশে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। অসুস্থতার কারণে বাকি তিনজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন।
গ্রাম পুলিশ সদস্যরা স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধে তথ্য প্রদান এবং মাঠ প্রশাসনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালনকারী এসব সদস্যের অংশগ্রহণে আয়োজিত জাতীয় মহাসমাবেশ ঘিরে রাজারহাটের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে আয়োজিত এ মহাসমাবেশে অংশ নেওয়ার সুযোগকে নিজেদের পেশাগত পরিচিতি ও সম্মিলিত উপস্থিতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
