Site icon হামার কুড়িগ্রাম

অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ

বিপুল মিয়া, ফুলবাড়ী

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ গেটে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আরাবুল রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল এবং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।

এ ছাড়া বক্তব্য দেন ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক ও সদস্যসচিব অপূর্ব লাল সেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, কৃষক দলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুল ইসলাম, তাঁতীদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু এবং ওলামা দলের সাধারণ সম্পাদক মইনুদ্দিন চিশতিয়াসহ স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা জেলা ও উপজেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগের প্রতিবাদ জানান। তাঁরা দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

Exit mobile version