মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথী এলাকায় এসএসবিসি প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজন অংশ নেন।
সন্তোষপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক আক্কাছ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সন্তোষপুরের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রেওশন-আরা খাতুন এবং পরিবার কল্যাণ সহকারী ফাতেমা খাতুন ও আনোয়ারা খাতুন। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কুড়িগ্রামের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর মায়ামনি মিষ্টি, আশামনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মাতৃস্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের যত্ন, শিশুদের নিয়মিত টিকাদান এবং অপুষ্টি প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা ও বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়।
বক্তারা বলেন, স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচি দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়। স্থানীয় বাস্তবতা ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে মা ও শিশুর স্বাস্থ্য পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সভায় অংশগ্রহণকারীরা মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
