হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় মিছিল, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা

নাগেশ্বরী প্রতিনিধি

পরিচ্ছন্ন পরিবেশ, নির্মল বায়ু ও সবুজে ঘেরা আগামীর প্রত্যাশায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের উদ্যোগে পলিথিনবিরোধী প্রচারণা, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে নাগেশ্বরী কলেজ মোড় থেকে একটি সচেতনতামূলক মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবেশদূষণ রোধ, পলিথিনের ব্যবহার কমানো এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে।

কর্মসূচির উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের উপদেষ্টা এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, বিএনপি নেতা আবদুল আজিজ বাদল, সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দুধুসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

শুধু মিছিল ও সচেতনতামূলক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না আয়োজন। পরিবেশ রক্ষার বার্তা বাস্তবে তুলে ধরতে অতিথি ও সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে সড়কের পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরে সংগৃহীত বর্জ্য নির্দিষ্ট গার্বেজ বিনে অপসারণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, পলিথিনের যথেচ্ছ ব্যবহার, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং গাছপালা নিধনের কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। এ ধরনের কর্মসূচির মাধ্যমে নাগেশ্বরীর মানুষ পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পলিথিনের ব্যবহার কমানো এবং বেশি করে গাছ লাগাতে উৎসাহিত হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, পরিবেশ রক্ষা কোনো নির্দিষ্ট সংগঠন বা ব্যক্তির একার দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজেদের চারপাশ পরিষ্কার রাখা, পলিথিনের ব্যবহার কমানো এবং বৃক্ষরোপণের মতো ছোট ছোট উদ্যোগই পারে একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য নাগেশ্বরী গড়ে তুলতে।

সচেতনতা হোক অভ্যাস, পরিচ্ছন্ন পরিবেশ হোক সবার অঙ্গীকার—এমন প্রত্যাশা আয়োজকদের।

Exit mobile version