জব্দ করা চোরাচালান পণ্যের মূল্য ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি
ডেস্ক নিউজ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, মদ, প্রসাধনীসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
আটক ব্যক্তির নাম ভূট্টু মিয়া। তিনি নাগেশ্বরী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের বাসিন্দা। বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জব্দ করা পণ্যগুলোর মূল্য ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, সীমান্তে অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালানোর সময় ওই ব্যক্তিকে আটক এবং অবৈধ পণ্যগুলো জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করে তাঁকে নাগেশ্বরী থানায় হস্তান্তর করা হয়েছে।






