হামার কুড়িগ্রাম

“সেবার ব্রতে চাকরি” স্লোগানে কুড়িগ্রামে টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাই শুরু

“সেবার ব্রতে চাকরি” স্লোগানে কুড়িগ্রামে টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাই শুরু

কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম চলছে

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রমের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেওয়া প্রার্থীদের শারীরিক উচ্চতা, বুকের মাপ, বয়স এবং নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তিনি প্রার্থীদের দালাল ও প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার আহ্বান জানান। পাশাপাশি পরবর্তী দিনের পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেন।

আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET)-এর দ্বিতীয় দিনের কার্যক্রমে অংশ নেবেন। এ জন্য উত্তীর্ণ প্রার্থীদের সকাল ৭টার আগেই কুড়িগ্রাম পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. শাহজাহান হোসেন, পিপিএম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ডিঅ্যান্ডপিএস-১) মো. আতিকুর রহমান।

টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ডিএম হাসিবুল বেনজীর এবং রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

এ ছাড়া কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version