ফজলুল করীম ফরাজী ।। বিশেষ প্রতিনিধি
গ্রামবাংলার ঐতিহ্য ও কৃষি সংস্কৃতি ধরে রাখতে কুড়িগ্রামে নমুনা শস্য কর্তন ও নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। উৎসবে পিঠা-পুলি, মালপোয়া, ফিরনি, দেশীয় বিভিন্ন ধরনের ভর্তা ও পাটিসাপটাসহ নানা গ্রামীণ খাবারের আয়োজন করা হয়। এতে স্থানীয় কৃষক-কৃষাণী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম সদরের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব শেষে কৃষকের জমিতে হারভেস্টার মেশিনের মাধ্যমে নমুনা শস্য কর্তন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজ রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, নবান্ন উৎসবের আয়োজন করায় তিনি কৃষি বিভাগকে ধন্যবাদ জানান। ফসল উৎপাদনে সমস্যায় পড়লে কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে সহযোগিতা করেন বলেও উল্লেখ করেন তিনি।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরিন বলেন, কৃষকদের উৎসাহিত করা এবং গ্রামবাংলার অতীত ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে নবান্ন উৎসব পালনের পরিকল্পনা রয়েছে। কৃষকদের সমস্যা সমাধান ও পরামর্শ দিতে কৃষি বিভাগ সব সময় পাশে থাকবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীর বলেন, চলতি বছর জেলায় ১৩ দশমিক ২ হেক্টর জমিতে ধান উৎপাদনের গড় ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, নবান্ন উৎসব গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। এ ধরনের আয়োজন কৃষকদের উৎসাহিত করবে। তিনি পরিমিত সার ব্যবহারের ওপর গুরুত্ব দেন এবং কৃষকদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে সেবা দেওয়ার আহ্বান জানান।







