ডেস্ক নিউজ
কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ সংরক্ষণ, ক্যাম্পাসের সবুজায়ন ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুড়িগ্রাম পলিটেকনিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রতিষ্ঠানের খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন, ক্যাম্পাসের সবুজায়ন, শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু ভবন ও শ্রেণিকক্ষের সমষ্টি নয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ, সবুজ পরিবেশ এবং পর্যাপ্ত উন্মুক্ত স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিষ্ঠানের ঐতিহ্য ও শিক্ষার্থীদের স্বার্থে খেলার মাঠ সংরক্ষণ এবং ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন জরুরি।
সাক্ষাৎকালে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের বক্তব্য ও প্রস্তাবগুলো গুরুত্বসহকারে শোনেন। তাঁর সহযোগিতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে প্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
কুড়িগ্রাম পলিটেকনিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান বলেন, প্রিয় প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষা, বর্তমান শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই তাঁদের এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।







