নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
কুড়িগ্রাম পৌর টাউন হলের কেয়ারটেকার মনসুর আলী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় মামলার প্রধান অভিযুক্ত মো. শাহনেওয়াজ সানির সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তাঁরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম পৌরসভা কর্মচারী সংসদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন পৌর কর্মচারী সংসদের সভাপতি আখতারুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহসভাপতি আলী রেজা হিরন, যুগ্ম সম্পাদক নুরনবী আহমেদ রানা ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন রবিনসহ সংগঠনের অন্যান্য নেতারা।
বক্তারা মনসুর আলী হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা দ্রুত তদন্ত শেষ করে বিচার কার্যক্রম সম্পন্ন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে কুড়িগ্রাম পৌর টাউন হলে দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতে নিহত হন মনসুর আলী (৬০)। তিনি পৌরসভার দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী ছিলেন। পাশাপাশি টাউন হলের নিরাপত্তাপ্রহরীর দায়িত্ব পালন করতেন।
এ ঘটনায় তাঁর স্ত্রী মল্লিকা বেগম (৫৫) আহত হন। স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে তিনিও হামলার শিকার হন বলে পুলিশের দেওয়া তথ্য থেকে জানা যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত শাহনেওয়াজ সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
