ডেস্ক নিউজ
কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলা আমীর হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক আজিজুর রহমান সরকার। একই সঙ্গে পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে ৩১ সদস্যের জেলা শূরা পরিষদ নির্বাচিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম কামিল মাদরাসার হলরুমে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সংগঠনের গঠনতন্ত্রের ৭২ ধারা অনুযায়ী জেলার পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০ জন পুরুষ ও ১১ জন মহিলা সদস্য জেলা শূরা পরিষদের সদস্য নির্বাচিত হন।
নবনির্বাচিত জেলা আমীর ও শূরা সদস্যদের শপথবাক্য পাঠ করান সম্মেলনের প্রধান অতিথি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রুকনদের জ্ঞান ও যোগ্যতা আরও বাড়াতে হবে। কোরআনের জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। দুনিয়ার মোহ ত্যাগ করে যারা আখিরাতকে প্রাধান্য দেবেন, তাদের মানোন্নয়নে কাজ করতে হবে। দুনিয়ার বিজয় শুধু সংখ্যার ওপর নির্ভর করে না, বরং আল্লাহর ফয়সালার ওপর নির্ভরশীল।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কুড়িগ্রামে সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এবং কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন। এ ছাড়া ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি, সেক্রেটারিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
