নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
কুড়িগ্রাম সরকারি কলেজে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ না থাকায় হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। কলেজে সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া খাঁন মুরাদ। তিনি বলেন, কলেজের শিক্ষার্থীদের মধ্যেও গান, কবিতা, আবৃত্তি ও নৃত্যসহ নানা বিষয়ে প্রতিভা রয়েছে। এসব প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন একটি সুন্দর সাংস্কৃতিক মঞ্চ ও উপযুক্ত পরিবেশ।
রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী মল্লিকা রায় মৌমিতার ‘দুহাতে মুঠো ভরে না’ গানটির প্রশংসা করে জাকারিয়া খাঁন মুরাদ বলেন, তাঁর পরিবেশনা মুগ্ধ করার মতো। অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সাফল্যে তাঁরা আনন্দিত। তবে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরাও যেন নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পান, সেটিই তাঁদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, “আমরা কারও সঙ্গে প্রতিযোগিতা করতে চাই না। আমরা শুধু আমাদের প্রিয় কলেজেও একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ দেখতে চাই। যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চায় অংশ নিতে পারবেন।”
এ সময় কলেজ প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের আবেগ, অনুভূতি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
জাকারিয়া খাঁন মুরাদ আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসনের আন্তরিকতা, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় কুড়িগ্রাম সরকারি কলেজেও একটি সুন্দর সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে।
তিনি বলেন, “কুড়িগ্রাম সরকারি কলেজের সাংস্কৃতিক জাগরণ এখন সময়ের দাবি।”
