মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম
কুড়িগ্রামে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতে অংশীজনদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টায় সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জেলেপাড়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের উদ্যোগে ইন্টারেক্টিভ সেশন ও সংলাপ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কুড়িগ্রামের এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শেখ নুর মোহাম্মদ, স্বাস্থ্য সহকারী মো. আব্দুর রাজ্জাক এবং যুব ফোরামের সদস্য খাদেমুল ইসলাম ও সুর্জিনা খাতুন।
এ ছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কমিউনিটি ফ্যাসিলিটেটর মো. খোরশেদুল ইসলাম ও মো. সাগর ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনায় মাতৃস্বাস্থ্য, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি এবং অপুষ্টি প্রতিরোধের বিষয় উঠে আসে। পাশাপাশি কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে এসব সমস্যা সমাধানে একটি কমিউনিটি অ্যাকশন প্ল্যান বা সামাজিক কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ নেন। বক্তারা বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচি দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়। জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়ন সম্ভব হবে।
