ডেস্ক নিউজ
কুড়িগ্রাম পৌর শহরের কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান রয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে কলেজ মোড় এলাকার টিনশেডের কয়েকটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একে একে ছয়টি দোকান পুড়ে যায়। এতে দোকানগুলোর মালামাল ও বিভিন্ন সরঞ্জাম আগুনে ভস্মীভূত হয়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
