রাফি ইসলাম, কুড়িগ্রাম সদর
কুড়িগ্রাম পৌরসভার টেনারীপাড়া এলাকায় শিশুদের খেলাধুলার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে স্বেচ্ছাসেবী অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) গ্রাম উন্নয়ন সোসাইটি, শিশু ও যুব ফোরাম এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, টেনারীপাড়ার নির্দিষ্ট স্থানটিতে শিশুরা নিয়মিত খেলাধুলা করে। দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়ায় স্থানটি পরিচ্ছন্ন হয়ে ওঠে। এতে শিশুরা আনন্দ প্রকাশ করে।
অভিযান শেষে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে খিচুড়ি রান্না করেন এবং আনন্দঘন পরিবেশে একসঙ্গে খাবার খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আসলাম হোসেন, কুড়িগ্রাম ADP-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ. কস্তা এবং স্পনসরশিপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার মনি ডিও। তাঁরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন।
স্থানীয় শিশুদের জন্য খেলাধুলার পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
