ঝরে পড়া ও বাল্যবিয়ে রোধে ভাসমান স্কুল ও মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবি
ডেস্ক নিউজ
দুধকুমার ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চর রাউলিয়ায় চারদিকে পানি আর বালুচর পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসে শিশুরা। দারিদ্র্য ও প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়া এসব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নের চর রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ, কুড়িগ্রামের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “কুড়িগ্রামে দারিদ্র্যের হার বর্তমানে ৭০ দশমিক ৮ শতাংশ। এ হার কমাতে হলে জেলার ৮৫০ বর্গকিলোমিটারজুড়ে থাকা চার শতাধিক চরের সাড়ে পাঁচ লাখ মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে। তাঁদের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ছাড়া এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে রেখে জেলার সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।”
তিনি বলেন, জেলায় ১ হাজার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নদীতীরবর্তী এলাকা, চর ও দ্বীপচরে রয়েছে ১৬৯টি। নদীভাঙনে চরাঞ্চলের শিক্ষা খাত মারাত্মক হুমকির মুখে পড়েছে। সম্প্রতি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়েছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে চরাঞ্চলে দ্রুত ‘ভাসমান স্কুল’ প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
চরাঞ্চলে মাধ্যমিক শিক্ষার সংকট তুলে ধরে অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, সেখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রায় নেই বললেই চলে। প্রাথমিক শিক্ষা শেষ করার পর অনেক মেয়ের বাল্যবিয়ে হয়, আর ছেলেরা উপার্জনের কাজে যুক্ত হয়। এ সমস্যা সমাধানে পর্যাপ্ত মাধ্যমিক বিদ্যালয় স্থাপন জরুরি। পাশাপাশি চরাঞ্চলের সুনির্দিষ্ট সমস্যার সমাধানে ‘চরবিষয়ক মন্ত্রণালয়’ গঠনেরও দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল আখের, মহিলাবিষয়ক সম্পাদক অধ্যাপক নাজমুন নাহার বিউটি, কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. নওশাদ এবং ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক রফিউল হক, ক্রীড়া সংগঠক শাহনুর আশরাফ জুয়েল, ঘোগাদহ ইউনিয়ন চর উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। নতুন ব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা।
