হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বিসিকের প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ২৫ প্রশিক্ষণার্থী

ক্ষুদ্র ও কুটির শিল্পে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পাঁচ দিনের প্রশিক্ষণ

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পাঁচ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিসিকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান।

বিসিকের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে শিল্পোদ্যোগ গড়ে তোলা এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা ও পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। নতুন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং স্থানীয় পর্যায়ে শিল্পের বিকাশে উৎসাহিত করাই ছিল এ কর্মসূচির লক্ষ্য।

প্রশিক্ষণার্থী মো. মুকুল হোসেন বলেন, “বিসিক কুড়িগ্রামের পাঁচ দিনের প্রশিক্ষণে নতুন অভিজ্ঞতা ও বাস্তবমুখী শিক্ষা পেয়েছি। আশা করি, এসব জ্ঞান ভবিষ্যতে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কাজে লাগবে। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হলে আমার মতো আরও অনেক নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।”

বিসিক কুড়িগ্রাম জেলা কার্যালয়ের শাখা ব্যবস্থাপক শাহ মোহাম্মদ জুনায়েদ বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিক দীর্ঘদিন ধরে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং শিল্পায়ন সম্প্রসারণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বলেন, বিসিক উদ্যোক্তা তৈরি, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন এবং সহজ শর্তে ঋণ প্রদানে কাজ করে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত বাস্তবমুখী অভিজ্ঞতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান।

স্বল্প পুঁজিতে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান এবং আর্থিক স্বাবলম্বিতার সুযোগ তৈরি হয়। এ ক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Exit mobile version