হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র-তিস্তায় বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র-তিস্তায় বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার

সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর বালুতে থাকা ভারী খনিজ পদার্থ বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব কি না, তা যাচাই করবে সরকার। কারিগরি মূল্যায়নে প্রকল্পটি লাভজনক ও বাস্তবসম্মত প্রমাণিত হলে খনিজ উত্তোলনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ কথা জানান।

সংসদ সদস্য বলেন, বিভিন্ন সংস্থার জরিপে কুড়িগ্রামের নদীর বালুতে ভারী খনিজ পদার্থের উপস্থিতি এবং তা উত্তোলনের সম্ভাবনার কথা উঠে এসেছে। জরিপের তথ্য অনুযায়ী, ঘণ্টায় দেড় হাজার টন বালু প্রক্রিয়াকরণে সক্ষম একটি ভাসমান প্ল্যান্ট স্থাপন করা গেলে বছরে অন্তত ১০ কোটি ডলার আয় সম্ভব।

তিনি বলেন, দারিদ্র্যপীড়িত কুড়িগ্রাম অঞ্চলের প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যেতে পারে। এ জন্য দ্রুত খনিজ উত্তোলন কার্যক্রম শুরুর আহ্বান জানান তিনি।

জবাবে শিল্পমন্ত্রী জানান, সংসদ সদস্যের প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। কারিগরি মূল্যায়নে প্রকল্পটি বাণিজ্যিকভাবে লাভজনক ও বাস্তবসম্মত প্রমাণিত হলে সরকার এ বিষয়ে পরবর্তী উদ্যোগ নেবে।

সরকারের এই সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ বাস্তবায়িত হলে কুড়িগ্রামের নদীসম্পদকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হতে পারে। তবে খনিজ উত্তোলনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে কারিগরি ও বাণিজ্যিক মূল্যায়নের ফলাফলের ওপর।

Exit mobile version