হুমায়ুন কবীর সূর্য ।। কুড়িগ্রাম
কুড়িগ্রাম সদর উপজেলার অটোচালক জাহিদ হাসান বশির হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) থেকে এজাহারভুক্ত ছয় আসামিকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারে উল্লেখ করা সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন নিহতের বাবা ও মামলার বাদী রফিকুল ইসলাম।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে স্মারকলিপি প্রদান করেন তাঁরা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কেকতিরপাড় গ্রামে অটোচালক জাহিদ হাসান বশিরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁকে প্রধান আসামি আসাদুজ্জামান ও তাঁর পরিবারের লোকজন বাড়িতে ডেকে নিয়ে হত্যা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
বাদীপক্ষের দাবি, তদন্ত কর্মকর্তা গত ১৩ সেপ্টেম্বর আদালতে যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন, তাতে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে শুধু একজনকে রাখা হয়েছে। বাদ দেওয়া হয়েছে বাকি ছয়জনকে। একই সঙ্গে নতুন কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্মারকলিপিতে বাদীপক্ষ অভিযোগ করেছে, হত্যাকাণ্ডের মূল ঘটনা ঘটেছিল প্রধান আসামির বাড়ির আঙিনায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে বশিরকে হত্যা করা হয়। তাঁদের আশঙ্কা, প্রধান আসামি নিজের পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতা আড়াল করতে বন্ধুদের নাম সামনে এনেছেন। এ বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হয়নি বলেও দাবি তাঁদের।
নিহতের স্ত্রীর সঙ্গে প্রধান আসামির পরকীয়ার সম্পর্ক ছিল বলেও স্মারকলিপিতে উল্লেখ করেছেন বাদীপক্ষ। তাঁদের দাবি, এ বিরোধকে কেন্দ্র করে এর আগে একাধিকবার সালিস-বৈঠক হয়েছিল। এসব বিষয় তদন্তে যথাযথভাবে বিবেচনায় না আসায় প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন মোসা. আয়েশা বেগম, আরিফা বেগম, মো. খায়রুজ্জামান, আল-আমীন মিয়াসহ স্থানীয়রা। তাঁরা মামলার সব দিক পুনরায় পর্যালোচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
