আশির্বাদ রহমান ।। বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) দিনের শুরুতে একাডেমিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোছাঃ নুর মহল আখতার বানুর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।
পরে একাডেমিক ভবনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোছাঃ নুর মহল আখতার বানু। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন। তিনি বলেন, ওই দিনের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। তাঁর বক্তব্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের গুরুত্ব উঠে আসে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিকশিত বাংলাদেশ জাতীয়তাবাদের অন্যতম ভিত্তি ছিল জাতীয় ঐক্য, আত্মনির্ভরশীলতা ও দেশ গঠনে জনগণের অংশগ্রহণ। দক্ষ মানবসম্পদ ও নীতিবান নাগরিক গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোছাঃ নুর মহল আখতার বানু বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশপ্রেম, ঐক্য ও পারস্পরিক সহিষ্ণুতার শিক্ষা দেয়। তিনি তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
