ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগল একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দিয়েছে। তবে জন্মের ১৫ মিনিটের মধ্যে একটি ছানা মারা গেছে। বেঁচে থাকা চারটি ছানা সুস্থ রয়েছে। ব্যতিক্রমী এ ঘটনা দেখতে ছাগলটির মালিকের বাড়িতে ভিড় করছেন উৎসুক প্রতিবেশীরা।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের কৃষক তহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। গত সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ছাগলটি প্রথমে পরপর চারটি ছানার জন্ম দেয়। প্রায় এক ঘণ্টা পর জন্ম নেয় পঞ্চম ছানাটি। তবে জন্মের ১৫ মিনিটের মধ্যেই সেটি মারা যায়।
কৃষক তহিদুল ইসলাম জানান, তাঁর পালিত ছাগলটি এর আগে তিনবার বাচ্চা দিয়েছে। প্রতিবারই তিনটি করে ছানা হয়েছিল। এবার একসঙ্গে পাঁচটি ছানা হবে, তা তিনি কল্পনাও করেননি। প্রসবের সময় তাঁর স্ত্রী মমিনা বেগম উপস্থিত ছিলেন।
তহিদুলের বড় ভাই শহিদুল ইসলাম জানান, প্রথমে চারটি ছানা জন্ম নেওয়ার পর তাঁরা ভেবেছিলেন প্রসব শেষ হয়েছে। কিন্তু প্রায় এক ঘণ্টা পর আরও একটি ছানার জন্ম হয়। বর্তমানে বেঁচে থাকা চারটি ছানাকে মায়ের দুধের পাশাপাশি গরুর দুধও খাওয়ানো হচ্ছে।
ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম ঘটনাটিকে ব্যতিক্রমী বলে উল্লেখ করেন। তাঁর মতে, সাধারণত একটি ছাগল একসঙ্গে দুই থেকে চারটি ছানার জন্ম দেয়। পাঁচটি ছানার জন্ম তুলনামূলক বিরল। পরিকল্পিতভাবে ছাগল পালন ও সঠিক পরিচর্যা করা গেলে খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।
ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার বলেন, দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি বাচ্চা দেওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। তবে এটি একেবারে অস্বাভাবিকও নয়। তাঁর দেওয়া তথ্যমতে, ছাগলের ক্ষেত্রে একসঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার হার প্রায় ২ থেকে ৩ শতাংশ।
তিনি আরও বলেন, একসঙ্গে একাধিক বাচ্চা জন্ম নিলে সেগুলোর সঠিক পরিচর্যা ও পুষ্টি নিশ্চিত করা জরুরি। বিশেষ করে প্রতিটি বাচ্চা পর্যাপ্ত দুধ পাচ্ছে কি না, সেদিকে নজর রাখতে হবে।







