২০ সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ
ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
শনিবার বিকেল পাঁচটার দিকে ‘দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত তৃণমূল বিএনপি’র ব্যানারে মিছিলটি বের হয়। উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিক্ষোভকারীরা সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দলের দুঃসময়ে মামলা, হামলা ও নির্যাতনের শিকার নেতা-কর্মীদের নতুন কমিটিতে উপেক্ষা করা হয়েছে। তাঁদের বাদ দিয়ে স্বার্থান্বেষী ব্যক্তিদের নিয়ে ‘পকেট কমিটি’ করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
বক্তাদের দাবি, ২০ সদস্যের কমিটির ১২ জন সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত। তাঁদের নেতৃত্বে রাখা হলে ত্যাগী নেতা-কর্মীরা আরও কোণঠাসা হবেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
সমাবেশ থেকে কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাবেক প্রচার সম্পাদক মোজাফফর হোসেন এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল হক কেলে। স্থানীয় তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

