হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ফুলবাড়ী প্রতিনিধি | Hamar Kurigram

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামের একটি বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনায় থাকা টিনশেড ঘরের ভেতর থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাহিমুল হক রানা (২৬), পিতা মো. আবুল হোসেন এবং মো. আমিনুল ইসলাম (৩০), পিতা মৃত সাজু মিয়া। তাঁরা দুজনই চন্দ্রখানা মাঠেরপাড় এলাকার বাসিন্দা।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁদের ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

Exit mobile version