হামার কুড়িগ্রাম

আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস, ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় উপজেলা

আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস, ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় উপজেলা

১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয়েছিল ভূরুঙ্গামারী

ভূরুঙ্গামারী প্রতিনিধি

আজ ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অভিযানে পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত হয় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা হিসেবে উল্লেখ করা হয়।

মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাব-সেক্টরের মুক্তিযোদ্ধারা ভূরুঙ্গামারীকে শত্রুমুক্ত করতে বিশেষ সামরিক পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ দিক খোলা রেখে পূর্ব, পশ্চিম ও উত্তর দিক থেকে একযোগে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়।

১৩ নভেম্বর মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনী যৌথভাবে পাকিস্তানি সেনাদের অবস্থান লক্ষ্য করে কামান, মর্টারসহ ভারী অস্ত্র দিয়ে গোলাবর্ষণ শুরু করে। অন্যদিকে ভারতীয় যুদ্ধবিমান আকাশে টহল দিতে থাকে। তীব্র আক্রমণের মুখে ভোর হওয়ার আগেই পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণ বন্ধ হয়ে যায়। পরে পাকিস্তানি সেনারা ভূরুঙ্গামারী ছেড়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় গিয়ে অবস্থান নেয়।

১৪ নভেম্বর ভোরে মুক্তিবাহিনীর সদস্যরা ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয় ও তৎকালীন সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদ) সামনে পৌঁছান। সেখানে স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভূরুঙ্গামারীকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়।

মুক্তিযুদ্ধের ওই অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন আতাউল্লাহ খানসহ ৪০ থেকে ৫০ জন পাকিস্তানি সেনা নিহত হয় বলে উল্লেখ রয়েছে। এ সময় আরও ৩০ থেকে ৪০ জন পাকিস্তানি সেনাকে আটক করা হয়।

এদিকে তৎকালীন সিওর বাসভবনের (বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন) দোতলার একটি কক্ষ থেকে তালাবদ্ধ অবস্থায় নির্যাতিত কয়েকজন নারীকে উদ্ধার করা হয়। তাঁদের অনেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের একটি তালাবদ্ধ কক্ষ থেকে নির্যাতনের শিকার আরও ১৬ জন নারীকে উদ্ধার করা হয়।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৪ নভেম্বর ভূরুঙ্গামারীবাসীর জন্য গৌরব, বেদনা ও আত্মত্যাগের এক স্মরণীয় দিন। প্রতি বছর দিনটি স্থানীয়ভাবে মুক্ত দিবস হিসেবে স্মরণ করা হয়।

Exit mobile version