অবৈধভাবে কলেজ গেটের তালা ভেঙ্গে কোরবানীর হাট, ছাত্রদল নেতা বহিস্কার


Shahariar Srejon প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন /
অবৈধভাবে কলেজ গেটের তালা ভেঙ্গে কোরবানীর হাট, ছাত্রদল নেতা বহিস্কার

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের গেটের তালা ভেঙে কলেজ মাঠে পশুর হাট বসানোর ঘটনায় জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সহ-সমাজসেবা সম্পাদক জিহাদ ফেরদৌস চমককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৫ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কলেজ কর্তৃপক্ষের অনুমোদন না থাকা সত্ত্বেও কলেজ মাঠে পশুর হাট বসানোর অভিযোগ ওঠে জিহাদ ফেরদৌস চমকের বিরুদ্ধে। এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি অনুমোদন করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চমককে বহিষ্কার করা হয়েছে এবং তার বহিষ্কারাদেশের চিঠি জেলা কমিটি পেয়েছে।

এদিকে সোমবার দুপুরে চিলমারীতে সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন জিহাদ ফেরদৌস চমক। তিনি দাবি করেন, কলেজ মাঠে হাট বসানোর জন্য কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েছিলেন। তবে তিনি কোনও লিখিত অনুমতিপত্র দেখাতে পারেননি।

চিলমারী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মজিবল হায়দার চৌধুরী বলেন, কলেজ মাঠে পশুর হাট বসানোর কোনও অনুমতি দেওয়া হয়নি। সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানোর নিয়ম নেই বলেও জানান তিনি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানো আইনত দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের পক্ষ থেকেও এ ধরনের কোনও অনুমতি দেওয়া হয়নি। অধ্যক্ষ গেট তালাবদ্ধ রাখলেও সেই তালা ভেঙে হাট বসানো হয়েছে বলে জানান তিনি।