উলিপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ১১:১২ অপরাহ্ন /
উলিপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটার অবকাঠামোর একটি অংশ ভেঙে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে উপজেলার তবকপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স ‘এইচবিইউ’ ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করে ভাটাটি পরিচালনা করা হচ্ছিল।

এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি স্কেভেটর দিয়ে ভাটার অবকাঠামোর একটি অংশ ভেঙে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন আহমেদ। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়া জেলা পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।