
রাহীমুল ইসলাম সজীব, রাজারহাট
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় নাসরিন বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাসরিন বেগম ওই এলাকার বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রতিবেশীরা নাসরিন বেগমকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তার শয়নকক্ষে খোঁজ নিতে যান। এ সময় তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। মুহূর্তেই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে বাড়িতে তার স্বামীকে না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয়দের ধারণা, রাতে সেহরি খাওয়ার পর কোনো এক সময় তিনি ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।
খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে মান-অভিমানের কারণে এ ঘটনা ঘটতে পারে। নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পর থেকে তার স্বামী নুর আলম পলাতক রয়েছেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :