তারেক রহমানের উদ্দেশে কুড়িগ্রাম ছাত্রদল সভাপতির আবেগঘন স্ট্যাটাস


Hamar Kurigram প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন /
তারেক রহমানের উদ্দেশে কুড়িগ্রাম ছাত্রদল সভাপতির আবেগঘন স্ট্যাটাস

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। পোস্টের সঙ্গে তিনি জুলাই-আগস্টের আন্দোলনের একটি ছবি যুক্ত করেন।

স্ট্যাটাসে তিনি জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার আহ্বান জানান। ফেসবুক পোস্টের শুরুতে ‘প্রিয় হাইকমান্ড’ সম্বোধন করে তিনি লেখেন, তারা শতভাগ আশাবাদী যে দেশ পরিচালনায় অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে না।

আমিমুল ইহসান উল্লেখ করেন, অন্যদের মূল্যায়ন করা সমস্যা নয়, তবে নিজেদের ত্যাগী নেতাকর্মীদের ভুলে গেলে চলবে না। তার ভাষ্য অনুযায়ী, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সারা দেশে ছাত্রদলের ‘সূর্য সৈনিকেরা’ জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, এসব ত্যাগী নেতাকর্মীরাই আন্দোলনের মূল শক্তি ছিলেন। তাই শপথ অনুষ্ঠানে তাদের পাশে রাখা এবং যথাযথ সম্মান দেওয়ার বিষয়টি নিশ্চিত করা জরুরি।

স্ট্যাটাসের শেষাংশে তিনি হাইকমান্ডের প্রতি আহ্বান জানান, আন্দোলনে আত্মত্যাগকারী ছাত্রদল নেতাকর্মীদের অবদান যেন অবমূল্যায়ন না করা হয় এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় তাদের ভূমিকা স্বীকৃতি পায়।

রাজনৈতিক অঙ্গনে তার এই বক্তব্য ইতোমধ্যে আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই ছাত্রদলের ত্যাগের বিষয়টি সামনে আনার জন্য তার অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

জেলা ছাত্রদল সভাপতি আরও বলেন, জুলাই-আগস্ট একদিনে আসেনি। বিগত ১৭ বছরের ‘ফ্যাসিস্ট হাসিনা রেজিম’ পতনে ছাত্রদলের নেতৃবৃন্দ যে ভূমিকা রেখেছেন, তা অবিস্মরণীয়। তারই ধারাবাহিকতায় আসে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান।

তিনি দাবি করেন, আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস রচনায় ছাত্রদলের অবদান অবশ্যই গুরুত্বের সঙ্গে উল্লেখ করতে হবে। নিজেদের স্বর্ণালী ভবিষ্যৎ বিসর্জন দিয়ে এবং জীবন উৎসর্গ করে তারা এই আন্দোলনের ভিত রচনা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

ছাত্রদলকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না—এমন মন্তব্য করেই তার স্ট্যাটাস শেষ হয়।