
মোঃ মশিউর রহমান বিপুল ।। স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। একই সঙ্গে কুড়িগ্রাম-৩ আসনে আরও প্রায় সাত শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উলিপুর থানার ধরনিবাড়ি ইউনিয়নের মাধবপুর গ্রামে আয়োজিত যোগদান অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-৩ আসনের হাতপাখা মার্কার এমপি পদপ্রার্থী ডাঃ আক্কাস আলী সরকার-এর সমর্থনে তারা যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আক্কাস আলী সরকার বলেন,
“উলিপুর উপজেলায় বহু এমপি বদল হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এখন সময় এসেছে এমন জনপ্রতিনিধি নির্বাচনের, যিনি সত্যিকার অর্থে এলাকার উন্নয়নে কাজ করবেন।” “আমরা নির্বাচিত হলে উলিপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।”
নতুন নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে তিনি বলেন,
“দলমত নির্বিশেষে উলিপুরের মানুষ আমাকে ভালোবাসে। আমি বিশ্বাস করি, সব দলের মানুষ আমাকে ভোট দেবেন।”
এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতা শ্রী নরেন্দ্রনাথ বর্মন বলেন,
“ডাঃ আক্কাস আলী সরকার দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা প্রদান ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও মানবিক গুণাবলীর কারণে আমরা তাকে সংসদে দেখতে চাই। তাই আজ আমরা তার প্রতি সমর্থন জানালাম।”
যোগদান অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা নেতৃবৃন্দ, ডাঃ আক্কাস আলী সরকারের বিভিন্ন পর্যায়ের সমর্থক, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :