কুড়িগ্রামে প্রথমবার নার্সিং শিক্ষার্থীদের জব ফেয়ার, চাকরি পেলো ১০ জন


Hamar Kurigram প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৭:১০ অপরাহ্ন /
কুড়িগ্রামে প্রথমবার নার্সিং শিক্ষার্থীদের জব ফেয়ার, চাকরি পেলো ১০ জন

মোঃ মশিউর রহমান বিপুল , কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামে এই প্রথমবারের মতো নার্সিং শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসংস্থান মেলা থেকে সরাসরি চাকরি পেয়েছেন ১০ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি চাকুরীদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। নার্সিং বিভাগের শিক্ষার্থীদের জন্য এটি ছিল কর্মজীবনে প্রবেশের একটি নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগ।

মেলায় অংশ নেওয়া চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের বুথে গিয়ে প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন, জীবনবৃত্তান্ত জমা দেন এবং ক্যারিয়ার গড়ার প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।

এক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী বলেন,
“এক জায়গায় এতগুলো প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলার সুযোগ আগে কখনো পাইনি। আশা করছি এখান থেকেই আমার ক্যারিয়ার শুরু হবে।”

কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ নীহার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার প্রিতম কুন্ডু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিস্বর্গ মেরাজ চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে নয়; বরং ৩ থেকে ৪ বছরের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের মাধ্যমে একজন দক্ষ ও মানবিক নার্স তৈরি হয়। যোগ্য নার্সরা যোগ্য স্থানে কাজের সুযোগ পেলে উপকৃত হবে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, আর সবচেয়ে বেশি লাভবান হবে সাধারণ রোগীরা।