ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী প্রচারণায় ছাত্রদলের ২ নেতাকে আদালতে তলব


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ৭:১২ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী প্রচারণায় ছাত্রদলের ২ নেতাকে আদালতে তলব

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিদ্যালয়ের শিশুদের দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ পাওয়ায় কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে তলব করেছে।

মুহাম্মদ আয়াজ, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচন এলাকা–২৫, কুড়িগ্রাম–১, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও সিভিল জজ, কুড়িগ্রাম কর্তৃক গত ২৫ জানুয়ারি স্বাক্ষরিত এক পত্রে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেছ আলী এবং শিলখুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহানকে আগামী ২৭ জানুয়ারি কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কক্ষ নং ৭০১ ও ৭০২-এ উপস্থিত হয়ে নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘন এবং সংশ্লিষ্ট বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, এ বিষয়ে একটি সমন অভিযুক্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা আনুমানিক ৩টা ৩০ মিনিটে শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শিলখুড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেস হোসাইনসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিশুদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে বাধ্য করছেন।

এ ঘটনায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেস কে অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।