ফুলবাড়ীতে বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন /
ফুলবাড়ীতে বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রনবীর রায় রাজ ।। ফুলবাড়ী

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিপদের বন্ধু। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

৬ জানুয়ারি সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার দক্ষিণ রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। এ সময় বিপদের বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টারা সরাসরি উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রনি সরকার, সহ-সভাপতি রেদোয়ান আহমেদ, সাধারণ সম্পাদক রোকন সরকার, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, আদম, আলীমসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হযরত আলী খন্দকার, উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহমুদ ও রাশেদুল কবির।

শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শীত মৌসুমে দেশের নিম্নআয়ের ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়ে। তাদের এই দুর্ভোগ লাঘবে সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। তারা আরও বলেন, বিপদের বন্ধু সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজক সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ সময় স্থানীয় সচেতন মহল বিপদের বন্ধু সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে, এই কর্মসূচির মাধ্যমে রাশেদুল কবির বিপদের বন্ধু সংগঠনের উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তার সংযুক্তিতে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে।